চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম প্রান্তিকে আশাতীত প্রবৃদ্ধি অর্জন করেছে আবাসন খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স। এই ছয় মাসে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএইচ ফাইন্যান্স জানিয়েছে, গত ছয় মাসে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা। এছাড়া জানুয়ারি–জুন সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদ আয় ৪৪ শতাংশ এবং পরিচালন আয় ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩০ জুন পর্যন্ত ডিবিএইচের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫০ টাকা ৭৯ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের (এনপিএল) হার মোট ঋণ পোর্টফোলিওর ১ শতাংশের নিচে রয়েছে, যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। উল্লেখ্য, ডিবিএইচ ফাইন্যান্স টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) বজায় রেখেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত ডিবিএইচের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৬২ কোটি টাকা এবং আমানতের স্থিতি হয়েছে প্রায় ৪ হাজার ৩৯৮ কোটি টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের সব বিভাগীয় শহরসহ মোট ১৮টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামিক শরিয়াহ ভিত্তিতে গ্রাহকদের আর্থিক সেবা প্রদান করছে। একই সাথে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মেয়াদি ও মুদারাবা আমানত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।