মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) এবং ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত আর্থিক প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে যে, এ ধরনের কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "Crossmarket.ai বা এ ধরনের কোনো অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।"

কেন্দ্রীয় ব্যাংক আরও সতর্ক করে জানিয়েছে যে, অননুমোদিত এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ বা লেনদেনের সাথে যুক্ত হলে বড় ধরনের আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি থাকে। তাই সর্বসাধারণকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।