রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাতের ঢাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় রাজধানীর সড়ক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ, ফুটপাতের অবস্থা, সড়কবাতির কার্যকারিতা, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। নগর ব্যবস্থাপনার রাতের কার্যক্রম বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা যাচাই করতেই এই আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও প্রধানমন্ত্রী একইভাবে রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।