চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ার ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাতে টানেল মোড়ে যাত্রীর অপেক্ষায় বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের প্রচণ্ড ধাক্কায় দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এতে দোকানের ভেতরে ও বাইরে অবস্থানরত অনেকে আহত হন।
আহত কোহিনুর আক্তার জানান, "আমি দোকানে বসে চা-নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতরে চলে আসে। আমি মাথা ও পেটে আঘাত পেয়েছি।"
আহত পোশাকশ্রমিক দিদারুল আলম (৩৫) বলেন, "কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে জোরে ধাক্কা দেয়। মুহূর্তেই চারদিকে চিৎকার আর বিশৃঙ্খলা শুরু হয়।"
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, "হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার কাজ চলছে।"
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, "দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।