চট্টগ্রামের আনোয়ারায় একটি শ্রমিকবাহী বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাস টানেল মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া মুক্তকণ্ঠকে বলেন, "কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে ২ নারী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।"