কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। সংগঠনটির দাবি, হামলায় অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ছাত্রশক্তির অভিযোগ, হামলায় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম।
এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করে বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা চলায়। ঘটনাস্থলে পুলিশ ছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালিয়ে চলে যায়। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মাহমুদ হাসান নাঈম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম
জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের অভিযোগ, হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র হাতে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসে হামলা চালান।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস জানান, হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বিএনপির নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির অনেকে আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলা ও মারধরের ঘটনায় মামলা নিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এনসিপির নেতারা। জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া মুক্তকণ্ঠকে বলেন, ‘হবিগঞ্জ ও ফুলবাড়ীতে আমাদের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের দুই শতাধিক লোকজন হামলা চালিয়ে আমাদের নেতা–কর্মীদের আহত করেছে। আমরা প্রশাসনকে এই হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার বিষয়ে জানতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার মুঠোফোনে কল করা হলেও তাঁরা ধরেননি।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেছেন, ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেন। তিনি আরও জানান, ছাত্রদলের কর্মী মমিনুল নামে একজন যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি সমাধান করতে জেলা নেতারা ফুলবাড়ীতে আসবেন। মান্নান মুকুল জানান, আজকের ঘটনার সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থাকলেও বিএনপির কেউ ছিলেন না।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম মুক্তকণ্ঠকে বলেন, এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করে বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা চলায়। ঘটনাস্থলে পুলিশ ছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালিয়ে চলে যায়। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।