মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। আদালতে মামলা করার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আ. হান্নান শেখ এই ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুর ২টার দিকে স্থানীয় ফয়জুল উলুম মাদ্রাসা মসজিদে যোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আ. হান্নান শেখ। সেই সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখের নেতৃত্বে মান্নান, শাহ আলম শেখ ও মাহিম তাঁর পথরোধ করেন। তারা হান্নান শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এর প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়েছে, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ভবিষ্যতে নিজ জমিতে গেলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে জানানো হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় হান্নান শেখ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
এই অভিযোগের বিষয়ে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ বলেন, "ঘটনাটি সঠিক নয়। আমি শুধু জানতে চেয়েছি কেন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমি তাকে মারধর বা হুমকি দেইনি।"
অন্যদিকে, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী মোহন জানান, "এ ধরনের কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি। অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"