খুলনার একটি আবাসিক এলাকার লেক থেকে ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের হরিণটানা থানার কেডিএ ময়ূরী আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম সোয়াইব। সে সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং বয়রা এলাকার ফজলুল উলুম বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আজ মুক্তকণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোয়াইব সাঁতার জানত না। গতকাল বুধবার বিকেলে ঘোরার জন্য সে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়, তবে এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয় লোকজন লেকের পানিতে লাশটি ভাসতে দেখেন।
কিশোরের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি আরও বলেন, "এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান।"