জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তিনি আর কোনো কথা বলবেন না। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জুলাই শহীদ স্মরণসভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন (অজুহাত) দিয়েছে যে, আমি কথা বলি নাকি এইজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।”
সিলেটে বিজিবি মোতায়েন থাকা সত্ত্বেও হামলার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আজকেও সারজিসের গাড়িতে হামলা করা হয়েছে। কিন্তু কেন এই হামলা হলো? একটু আগে সিলেটে যে ঘটনা ঘটল, সেখানে তো ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি নামানোর পরেও কীভাবে এই হামলা হয়?”
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আপনারা জানেন কুড়িগ্রামে ছাত্রশক্তির আহ্বায়কের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনি রক্তাক্ত। বর্তমানে পুরো বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। তবে আমরা এমন সন্ত্রাসের বাংলাদেশ চাই না।”
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুর গাড়িবহর যুবদল ও ছাত্রদলের হামলার শিকার হয়। দুই দফায় তাদের গাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে সিলেটের কানাইঘাট এবং সন্ধ্যার পর ওসমানীনগরে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিতে নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও ডা. মিতুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।