বাংলাদেশের বাজারে এসারের ২৭ ইঞ্চি পর্দার নতুন মনিটর নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম’ মডেলের এই মনিটরটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম থাকার ফলে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে গেম খেলার পাশাপাশি উচ্চমানের ভিডিও উপভোগ করতে পারবেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে প্রযুক্তির এই মনিটরটির রেজোল্যুশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল, যা ফুল এইচডি মনিটরের তুলনায় আরও প্রাণবন্ত ছবি প্রদান করে। দীর্ঘ সময় কাজ বা ভিডিও দেখার ক্ষেত্রে চোখের সুরক্ষা নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি।

মনিটরটিতে দুটি এইচডিএমআই পোর্টের পাশাপাশি ভিজিএ পোর্ট এবং বিল্ট-ইন স্পিকার রয়েছে, যার ফলে আলাদা স্পিকার ছাড়াই গান শোনা বা ভিডিও দেখা সম্ভব। তিন বছরের বিক্রয়োত্তর ওয়ারেন্টিসহ মনিটরটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।