আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
কর্মী পাঠানোর প্রক্রিয়া প্রসঙ্গে মাহদী আমিন বলেন, "সেক্ষেত্রে আমরা সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছি। এর মাধ্যমেই আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী যাওয়া শুরু করবে।"
তিনি আরও জানান, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রয়েছে।"