ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মোট ছয়জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই বদলি কার্যকর করা হয়।

নতুন নিয়োগ অনুযায়ী, রমনা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক ইয়াসিন মিয়া। এছাড়া ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার এবং একই বিভাগের পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রমনা থানার বর্তমান ওসি মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে বদলি করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র নিশ্চিত করেছে যে, প্রশাসনিক প্রয়োজনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।