সিলেটে হামের সংক্রমণ আরও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন আক্রান্ত শনাক্ত হওয়ার পাশাপাশি হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত হাম ও রুবেলা বিষয়ক দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মারা যাওয়া শিশুটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা ছিল। তার বয়স ছিল ১ বছর ১১ মাস। শিশুটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৩৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩২৭ জন, সিলেট জেলায় ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (যার মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ৩৩ জন আক্রান্ত হয়েছেন।

বিভাগের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০৪ জন উপসর্গ নিয়ে এবং ৬ জন নিশ্চিত হামে মারা গেছেন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে শিশুদের সময়মতো টিকা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।