চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২০ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফা করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় এই মুনাফার পরিমাণ ৩৭ দশমিক ৬ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আইপিডিসি মোট ৭ হাজার ৪১৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। একই সময়ে আমানতের পরিমাণ ৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৬ কোটি টাকায়। প্রতিষ্ঠানটির মোট পরিচালন আয়ের প্রায় ৬০ শতাংশ এসেছে মূল অর্থায়ন কার্যক্রম থেকে। এছাড়া সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য বিনিয়োগ বৃদ্ধির ফলে মোট বিনিয়োগ ১ হাজার ৫৩৪ কোটি টাকায় পৌঁছেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের মোট সুদ আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৮৮ কোটি টাকা হয়েছে। একই সময়ে নিট সুদ আয় ২২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিবাচক প্রবৃদ্ধির প্রভাবে আইপিডিসির মোট পরিচালন আয় ২৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে পরিচালন আয় ছিল ১১২ কোটি ২০ লাখ টাকা, যা ৩৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ৮ দশমিক ১২ টাকা থেকে বেড়ে ১২ দশমিক শূন্য ২ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ পয়সা থেকে বেড়ে ৪৮ পয়সায় দাঁড়িয়েছে।

এই প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘গ্রাহকদের আস্থাই আমাদের প্রধান শক্তি। আর সেই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’

অন্যদিকে, আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের এ আর্থিক ফলাফল কোম্পানির শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং সঠিক ব্যবসায়িক পরিকল্পনারই ফল।’