বাংলাদেশ সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যানটিনে আকস্মিক পরিদর্শনে এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার বেলা ২টা ৪০ মিনিটে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) পরিচালিত এই ক্যানটিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ এবং সার্বিক সেবার মান খতিয়ে দেখেন মন্ত্রী। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিদর্শনের বিস্তারিত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিদর্শনকালে মন্ত্রী ক্যানটিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। খাবারের মান, সেবার গুণগত মান, মূল্য ও সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মতামত গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ক্যানটিন পরিচালনাকারীদের সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, "সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা জরুরি। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।"
ক্যানটিনের অবকাঠামো পর্যবেক্ষণ করে তিনি জানান, বর্তমান জায়গাটি তুলনামূলকভাবে সীমিত, তাই কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ক্যানটিনের পরিসর আরও বড় করা প্রয়োজন। এই লক্ষ্যে ক্যানটিনের স্থান সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, "কর্মকর্তা-কর্মচারীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। ক্যানটিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ক্যানটিনের খাবার, পরিবেশ বা সেবা নিয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, "অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"
পরিদর্শন শেষে ক্যানটিনের সার্বিক ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করার পাশাপাশি নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী।