বরগুনার আমতলীতে পায়রা নদীর পাড় থেকে বস্তাবন্দী অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় নদীপাড়ে তীব্র দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা নদীর পাড়ে একটি বস্তা দেখতে পান। বস্তার ফাটা অংশ দিয়ে মানুষের হাত বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত আমতলী থানায় খবর জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, "আনুমানিক এক সপ্তাহ আগে ওই যুববকে হত্যা করে বস্তায় ভরে পায়রা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।"