জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি মনে করেন, এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয় এবং এর ফলে সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে।

বুধবার (২৯ জুলাই) নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান মাহমুদুর রহমান মান্না।

বিবৃতিতে তিনি বলেন, "আমরা বিরোধী মত দমনের আওয়ামী আচরণে ফিরতে চাই না। এ ধরনের ঘটনা সরকার ও সরকারি দলকে শুধু বিরোধী দলের নয়, জনগণেরও মুখোমুখি দাঁড় করাবে। আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও ওপর হামলা হবে না, কাউকে অবরুদ্ধ থাকতে হবে না এবং গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটবে না।"

সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, "সরকার নিজের দলের অপরাধীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাই দেশের মানুষের।"

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা উল্লেখ করেন যে, এ ধরনের হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।