সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি গরু ও একটি স্টিলের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) ভোররাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপির সদস্যরা বাকাতলা এলাকা থেকে এসব গরু ও নৌকা আটক করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, একটি স্টিলবডি নৌকায় করে ২৮টি ভারতীয় মাঝারি আকারের গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলো উদ্ধার ও নৌকাটি জব্দ করে।
জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, "উদ্ধার করা গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।"