দৃকের ‘ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট-২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন মুক্তকণ্ঠের বান্দরবান প্রতিনিধি ও আলোকচিত্রী সাংবাদিক মং হাই সিং মারমা। ‘প্রান্তিকে আলোকচিত্র সাংবাদিকতা’ শীর্ষক বিশেষ কর্মসূচির আওতায় তাঁকে এই গ্র্যান্ট প্রদান করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলাফল প্রকাশ করেছে দৃক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত হওয়ার ফলে মং হাই সিং মারমা তাঁর নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা পাবেন। একইসঙ্গে অভিজ্ঞ আলোকচিত্রীদের তত্ত্বাবধানে বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে তাঁর জন্য। এছাড়া বাংলাদেশ প্রেস ফটো ২০২৭ প্রদর্শনীতে তাঁর তোলা আলোকচিত্র প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।

নিজের অনুভূতি ব্যক্ত করে মং হাই সিং মারমা মুক্তকণ্ঠকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় দৃকের পক্ষ থেকে ফোন করে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। এই সম্মান পেয়ে আমি আনন্দিত।’