জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত আসামির উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণ-আন্দোলনের সময় শিক্ষার্থী মোদাচ্ছির রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বাবা আবদুল হান্নান সরকার ২০২৪ সালের ২২ আগস্ট ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। পিবিআই কর্মকর্তা ইয়াসিন আলী মামলাটি তদন্ত করে চলতি বছরের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে ৪ নম্বর আসামি হিসেবে সালমান এফ রহমানের নাম উল্লেখ করা হয়। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গত ৫ জুলাই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামি বর্তমানে কারাগারে থাকায় ২২ জুলাই ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আজকের শুনানির পর আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আদেশের দিন দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তায় সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। সে সময় তাঁর হাতে হাতকড়া এবং পরনে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় ওঠার পর পুলিশ তাঁর হেলমেট ও হাতকড়া খুলে দেয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থান করছেন।