দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানি ঘটে। মৃত তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বান্দরবানের এবং একজন ঢাকার বাসিন্দা।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে চার মাসেরও বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৭৯ জনের ক্ষেত্রে হাম শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৪২ হাজার ২৭৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৫ হাজার ৭৩৯ শিশুর ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৬৬ শিশু। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।