চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকার অভিজাত হিসেবে পরিচিত হান্ডি রেস্তোরাঁর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশের চরম বহিঃপ্রকাশ দেখা গেছে। রান্নার উপকরণের মধ্যে তেলাপোকা ছোটাছুটি করার পাশাপাশি রান্নাঘরে রাখা স্যুপের মধ্যেও তেলাপোকা পাওয়া গেছে। এই গুরুতর অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে পরিচালিত এক অভিযানে হান্ডি রেস্তোরাঁ ছাড়াও জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং সিপি ফাইভ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। দিনব্যাপী অভিযানে মোট তিন প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি বলেন, "হান্ডি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাবার ও খাবার তৈরির উপকরণে তেলাপোকা পাওয়া যায়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণও মেলে। একই অভিযানে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।"