ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। তাদের পরিচয়— ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ১৪ বছর বয়সি ছেলে মহিম এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে ১৫ বছর বয়সি অনিক। এছাড়া আহত আতাউল্লাহ কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, বিকেলে একটি মাটিবাহী ড্রাম ট্রাক কালিয়াকৈরমুখী লেনে যাচ্ছিল। সেই সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। অটোরিকশার পেছনে থাকা তিন আরোহীসহ একটি মোটরসাইকেলও যখন ট্রাকটিকে অতিক্রম করতে যায়, তখন সেটি ট্রাকের সামনে চলে আসে। মুহূর্তের মধ্যে ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, ফলে তিন আরোহীসহ মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এরপর ট্রাকটি তাদের পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই মহিম ও অনিকের মৃত্যু হয়। গুরুতর আহত আতাউল্লাহকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আলামত জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"