ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে দাইপাড়া এলাকার একটি ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এক শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এসময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, "বিদ্যুতের তারে স্পর্শ লেগে তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"
ভবনের মালিক আল আমিন জানান, নির্মাণকাজের দায়িত্ব তিনি ঠিকাদারের কাছে বুঝিয়ে দিয়েছিলেন এবং ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, "রড সিঁড়ি দিয়ে নামানোর নির্দেশ দেওয়া হলেও তা অনুসরণ করা হয়নি। ফলে দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে।"
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, "এ ঘটনায় আইসি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"