কিষোয়ান–মুক্তকণ্ঠ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬-এর মেগা ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন চট্টগ্রামের সোহেল আহমেদ। আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠ কার্যালয়ে আয়োজিত ড্র অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খুব শীঘ্রই বিজয়ীদের হাতে পুরস্কারগুলো পৌঁছে দেওয়া হবে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল চলাকালীন কিষোয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুক্তকণ্ঠ এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। পত্রিকার পাতা থেকে কুপন কেটে বিপুল সংখ্যক পাঠক তাদের উত্তর পাঠিয়েছিলেন। প্রাপ্ত কুপনগুলোর মধ্য থেকে মেগা ড্রতে ১০ জন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় পুরস্কার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং তৃতীয় পুরস্কার একটি রেফ্রিজারেটর। এছাড়া অন্যান্য পুরস্কারের তালিকায় রয়েছে স্মার্ট টিভি, ওভেন, স্মার্ট মুঠোফোন, এয়ার ফ্রাইয়ার, চার্জার ফ্যান, ব্লেন্ডার ও ইলেকট্রিক আয়রন।

বিজয়ীদের তালিকায় প্রথম পুরস্কারজয়ী সোহেলের পাশাপাশি দ্বিতীয় পুরস্কারজয়ী অহনাও চট্টগ্রামের বাসিন্দা। তৃতীয় পুরস্কার জিতেছেন নারায়ণগঞ্জের তামান্না। অন্যান্য বিজয়ীরা হলেন (ক্রম অনুযায়ী) ঢাকার নুরুল আহাদ, চট্টগ্রামের আকবর আলী, চট্টগ্রামের আবরার, ঢাকার রাব্বী, ঢাকার মো. বিপ্লব, চট্টগ্রামের এস এম নাসির উদ্দীন এবং নারায়ণগঞ্জের রুমা। ড্র-তে নাম আসার পরপরই মুক্তকণ্ঠের পক্ষ থেকে মুঠোফোনে কল করে তাঁদের বিষয়টি জানানো হয়।

পাঠকদের পাঠানো কুপন থেকে ১০টি বিজয়ী কুপন বেছে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এ এইচ এম আবদুর রহমান, গ্রুপের ইনচার্জ (করপোরেট মার্কেটিং) মুহাম্মদ নুরুল কবির, মুক্তকণ্ঠের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক (সার্কুলেশন–সেলস) অরূপ কুমার ঘোষ এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।