কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে আহত হয়েছেন দুই যুবক। এই ঘটনায় পুলিশ ও বিজিবির এক যৌথ অভিযানে মনজু আলম (৫৫) নামের এক ব্যক্তিকে ১৫ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মনজুর নিজ বাড়িতে ১৫ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজাগাছ জব্দ করা হয়। এসময় পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকে রাখার চেষ্টা করেন। তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা গাঁজা সেবনের সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। ওই অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, "আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।"