প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন।
বৈঠক শেষে দিনেশ ত্রিবেদী জানান, দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা নিয়েও আলোচনা হয়েছে। তিস্তা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, "এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই।"
দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সংযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকটিকে ফলপ্রসূ হিসেবে অভিহিত করে তিনি বলেন, "দুই দেশের মানুষের স্বার্থে ভারত সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমরা কেবল সীমান্ত নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও ভাগাভাগি করি।"