লক্ষ্মীপুরের রামগতিতে মাটি খননের সময় রকেট বোমার মতো দেখতে তিনটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার পানি সরবরাহ লাইনের জন্য খননকাজ করার সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ থেকে ৪ ফুট গভীরে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি দেখে সন্দেহ হলে তারা দ্রুত খননকাজ বন্ধ করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবরটি জানাজানি হলে ঘটনাস্থলে প্রচুর উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে রামগতি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পুরো এলাকাটি লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে। উদ্ধারকৃত বস্তুগুলো বিপজ্জনক বা বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, "প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো রকেট লঞ্চারের গোলা বা বোমাসদৃশ মনে হচ্ছে। তবে এগুলো আসলেই সক্রিয় বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করতে পারবে। আপাতত স্থানটি সুরক্ষিত রাখা হয়েছে।"