নওগাঁর পোরশায় বিলে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কাতকইল বিলপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাতকইল গ্রামের পাশের বিলে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি সেচ শুরু করেছিলেন মাহাবুর ও আজিজ। পানি কমে যাওয়ার পর প্রথম দফায় সকাল ১০টার দিকে মাছ ধরে তারা বাড়িতে পৌঁছে দেন। এরপর দুপুর ১টার দিকে পুনরায় মাছ ধরার জন্য তারা বিলে নামেন।
সে সময় মোটর চালু থাকা অবস্থায় সংযোগের বৈদ্যুতিক তারে লিকেজ হওয়ায় বিলের পানি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। বিলে নামামাত্রই মাহাবুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"