হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় দলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটে এনসিপির নির্ধারিত জুলাই পদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অভিযোগ করা হয় যে, হবিগঞ্জের ছাত্রদল ও যুবদল এই ন্যক্কারজনক হামলাটি চালিয়েছে।

জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।"
তিনি আরও উল্লেখ করেন, "এনসিপি দেশে কোনো সংঘাতময় পরিবেশ সৃষ্টি করতে চায় না।"

সমাবেশে জেলা এনসিপির সদস্যসচিব কামরুল আরিফ অভিযোগ করেন, সত্য কথা বলার কারণেই দলের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলার সময় পুলিশ কার্যকর ভূমিকা পালন করেনি এবং পুলিশের সামনেই একটি গাড়ির চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। কামরুল আরিফের অভিযোগ, একটি ‘তৃতীয় অপশক্তি’ উসকানি দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা হবিগঞ্জের হামলার ঘটনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।