কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুদের পরিচয় পাওয়া গেছে—খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) এবং মেয়ে সাফা আক্তার (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। খেলার একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, "দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।"

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"