প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে ৭৮০ কেজি ‘কিউ’ জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে এসব আনারস বাংলাদেশে পৌঁছায়। ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যান (হর্টিকালচার) বিভাগ এই আনারসগুলো চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে উপহারের আনারসভর্তি কার্টনগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে।"
আখাউড়া স্থলবন্দরে এই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং ত্রিপুরা রাজ্য সরকারের জন্য ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম উপহার হিসেবে পাঠানো হয়েছিল।