সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহের জন্য ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগের লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে জারি করা এক জরুরি চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী সকল পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এই প্রকল্পের আওতায়।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ জুলাই আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ১ আগস্ট অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।
তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগের জন্য বেশ কিছু যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় সক্ষম হওয়া বাধ্যতামূলক।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে প্রদান করা হবে।
প্রত্যাশিত এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।