মাদারীপুর সদর উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে হাসান ফকির নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খোয়াজপুর ইউনিয়নের চরখোয়াজপুর গ্রামে নিজ বাড়ির বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাজারে কাজ শেষ করে বাড়ি ফেরেন হাসান ফকির। এরপর হাত-মুখ ধোয়ার জন্য তিনি বাথরুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের চাপ এবং পারিবারিক সমস্যার কারণে হাসান ফকির দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এই মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা মনে করেন।

হাসান ফকিরের স্ত্রী শিউলি বেগম বলেন, "বিভিন্ন সংস্থা থেকে কিস্তি ও মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়েছিল সে। মানুষের কাছে যা টাকা নিয়েছে তা আয়ের চেয়ে বেশি। প্রতিনিয়ত সুদের টাকা জন্য মানুষ বাড়িতে আসে এবং কিস্তিওয়ালারা বাড়িতে আসে এজন্য অনেক চাপ আসত। কিন্ত কিসের জন্য সে মারা গেছে আমরা জানি না।"

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, "পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"