নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "চোখ-কান খুলে ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি আমরা।"

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় জামায়াত। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, "স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত, তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে।"

এছাড়া নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি তোলা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, "অতিরিক্ত সচিব শামসুল আলমকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তা বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।"

নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, "আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।"

পাশাপাশি রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের ওই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের এক সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।