গৃহস্থালি কেনাকাটার তালিকায় ডিটারজেন্ট বা পরিষ্কারক একটি অপরিহার্য পণ্য। তবে সুপারশপ বা স্থানীয় দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ভিড়ে সঠিক পণ্যটি বেছে নিতে অধিকাংশ ক্রেতাই দ্বিধায় ভোগেন। অনেকের মধ্যেই একটি প্রচলিত ধারণা রয়েছে যে, যে ডিটারজেন্টে ফেনা যত বেশি, তা কাপড় তত ভালো পরিষ্কার করে। তবে আধুনিক বিজ্ঞান ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, এই ধারণাটি সম্পূর্ণ ভুল।
বিশেষজ্ঞদের মতে, "বেশি ফেনা মানেই কি ‘বেশি পরিষ্কার’। এটি প্রচলিত ভুল। আমরা ভাবি ফেনা বেশি হওয়া মানেই ডিটারজেন্টের কার্যক্ষমতা বেশি। বাস্তবে ফেনার সঙ্গে কাপড় পরিষ্কারের সরাসরি সম্পর্ক খুব কম। মূল কাজ করে ডিটারজেন্টের ভেতরে থাকা রাসায়নিক উপাদান। অতিরিক্ত ফেনা তৈরি হলে কাপড় থেকে সাবান ধুয়ে ফেলতে বেশি পানি ও শ্রম লাগে। ফেনা কাপড়ের আঁশে থেকে গেলে কিছুদিন পর কাপড়ের উজ্জ্বলতা হারিয়ে যায়।"
পোশাকের আয়ু বাড়ানো, ত্বকের সুরক্ষা এবং ওয়াশিং মেশিনের কার্যক্ষমতা বজায় রাখতে ধোয়ার মাধ্যমের ওপর ভিত্তি করে সঠিক ডিটারজেন্ট নির্বাচন করা জরুরি। যেমন—হ্যান্ডওয়াশ ডিটারজেন্ট দ্রুত ফেনা তৈরি করে এবং হাতে কাপড় ধোয়ার উপযোগী। অন্যদিকে, ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের জন্য কম ফেনার লিকুইড বা ম্যাটিক পাউডার প্রয়োজন; কারণ অতিরিক্ত ফেনা এই মেশিনের ড্রাম ও মোটর নষ্ট করতে পারে। টপ লোড ওয়াশিং মেশিনের ক্ষেত্রে মধ্যম মাত্রার ফেনার ডিটারজেন্ট ব্যবহার করতে হয়।
পণ্য নির্বাচনের ক্ষেত্রে গুঁড়া ও তরল ডিটারজেন্টের ভিন্নতা বোঝা প্রয়োজন। কাদা, ধুলাবালু ও নিত্যদিনের ভারী ময়লা দূর করতে পাউডার ডিটারজেন্ট কার্যকর ও সাশ্রয়ী। তবে তেল, মসলা বা গ্রিসের দাগ তুলতে তরল ডিটারজেন্ট বেশি কার্যকর। এটি দ্রুত পানিতে মিশে যায় এবং সুতি ও রঙিন কাপড়ের রং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
প্যাকেটের গায়ে থাকা উপাদানের দিকেও নজর দেওয়া উচিত। রক্ত, ডিম, দুধ বা ঝোলের দাগ তুলতে প্রোটিয়েজ, অ্যামাইলেজ বা লাইপেজযুক্ত এনজাইম বিশেষ ভূমিকা রাখে। আবার অপটিক্যাল ব্রাইটনার কাপড়কে সাদা ও উজ্জ্বল দেখায়, তবে সংবেদনশীল ত্বকে এটি হালকা অ্যালার্জি তৈরি করতে পারে।
বিশেষ করে ছোট শিশুদের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে সাধারণ ডিটারজেন্টের তীব্র ক্ষার এড়িয়ে চলা উচিত, কারণ এতে ফুসকুড়ি বা র্যাশ হতে পারে। শিশুদের কাপড়ের জন্য সুগন্ধিমুক্ত এবং ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ মৃদু লিকুইড ডিটারজেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সবশেষে, ডিটারজেন্টের পরিমাণের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় বেশি পরিষ্কার হয় না, বরং তা সুতায় জমে কাপড় খসখসে ও শক্ত করে ফেলে। তাই সব সময় প্যাকেটের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত পরিমাপক ক্যাপ বা চামচ ব্যবহার করা শ্রেয়।