চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে আয়েশা জাহান নামিরা নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে পশ্চিম সেকদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সেকদী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আফজাল খানের ইটভাটাসংলগ্ন ডাকাতিয়া নদী থেকে নামিরার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নামিরা ফরিদগঞ্জ উপজেলার সাশিয়ালি গ্রামের সৌদিপ্রবাসী জসিম উদ্দিনের বড় মেয়ে।

স্থানীয় বাসিন্দারা নদীতে নামিরাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, সে পানিতে ডুবে মারা গেছে।

নামিরার নানি সুরাইয়া বেগম জানান, বিয়ের দীর্ঘ ১২ বছর পর তাঁর মেয়ে সাবিনা আক্তারের কোলে নামিরার জন্ম হয়েছিল। সকালে সে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। একমাত্র নাতনির এমন অকালমৃত্যুতে পুরো পরিবার এখন স্তব্ধ ও শোকাহত।

সুরাইয়া বেগম আরও জানান, নামিরার বাবা আগামী বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন। এরপরই তাঁর মেয়ের মরদেহ দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই ময়নাতদন্ত ছাড়াই আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।