ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ''জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা'' শীর্ষক একটি বই উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ সাকিব। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে এই বই হস্তান্তর করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ ছয় মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সেইসব নারীদের সাক্ষাৎকার গ্রহণ করে তাহমিদ সাকিব এই বইটি সম্পন্ন করেন, যারা জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে বইটি প্রকাশিত হয়েছে।
বইটি প্রসঙ্গে তাহমিদ সাকিব মুক্তকণ্ঠকে বলেন, ‘চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাংবাদিকতা করার সুবাদে খুব কাছ থেকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। তাঁদের অংশগ্রহণই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু অভ্যুত্থানের পর তাঁদের আর সামনে দেখা যায়নি। সেই উপলব্ধি থেকেই আমার মনে হয়েছে, তাঁদের গল্পগুলোও যেন লিপিবদ্ধ থাকে।’
জুলাই গণ–অভ্যুত্থানে নারীদের অবদান নিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটির জন্য লেখককে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা ছিল অসামান্য। নারীরা সামনে থেকে আন্দোলন করেছেন। তাঁদের অবদানের কথা স্মরণীয় করে রাখতে এ ধরনের কাজ সব সময় প্রশংসার দাবি রাখে।’
পাশাপাশি উপাচার্য আশা প্রকাশ করেন যে, তাহমিদ সাকিবের এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ইতিহাস, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গবেষণা ও লেখালেখিতে উৎসাহিত করবে।