বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়ালের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে একই সময়ে তাঁদের উপস্থিতির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। তবে এই বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই কোনো মন্তব্য করেননি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সোয়াল ক্যাফে থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছেন, আর ম্রুণাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরেই ছিলেন। ভিডিওতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি এবং কোনো ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। তা সত্ত্বেও অনেক নেটিজেন ভিডিওটির সঙ্গে রোমান্টিক ক্যাপশন যুক্ত করে তাঁদের ডেটিংয়ের দাবি করতে শুরু করেন। ফলে একই স্থানে উপস্থিত থাকার সাধারণ ঘটনাটি দ্রুত প্রেমের গুঞ্জনে রূপ নেয়।
এই আলোচনার পাশাপাশি নেটিজেনদের নজর কেড়েছে তাঁদের বয়সের ব্যবধান। বর্তমানে ৩৩ বছর বয়সী ম্রুণাল ঠাকুরের চেয়ে ২৪ বছর বয়সী যশস্বী জয়সোয়াল ৯ বছরের ছোট। এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘ম্রুণাল যশস্বীর চেয়ে ৮-৯ বছরের বড়। একজন ওপেনিং ব্যাটসম্যান, আরেকজন প্রেমের ওপেনিং করছেন। জুটি কিন্তু মন্দ না!’
অন্যদিকে, কিছু ব্যবহারকারী এই সম্পর্কের দাবি অস্বীকার করেছেন। একজনের মতে, যশস্বীর আগে থেকেই একজন প্রেমিকা রয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিন্ন বন্ধুদের মাধ্যমে তাঁদের পরিচয় হতে পারে, তবে সেটিকে প্রেমের সম্পর্ক হিসেবে দেখার কোনো কারণ নেই। আবার কেউ কেউ দাবি করেছেন, যশস্বী একজন ব্রিটিশ তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন, যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অনেকের ধারণা, এই সাক্ষাতের পেছনে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে পেশাগত কারণ থাকার সম্ভাবনা বেশি। তাঁদের মতে, কোনো বিজ্ঞাপন বা ব্র্যান্ড প্রচারণার শুটিংয়ের জন্য তাঁরা একই ক্যাফেতে গিয়েছিলেন। একজন লিখেছেন, ‘আমার মনে হয় না ম্রুণাল যশস্বীর সঙ্গে প্রেম করছেন না। সম্ভবত এটি কোনো বিজ্ঞাপনের কাজ। এখন আর বয়সের পার্থক্য নিয়ে মানুষ তেমন ভাবেও না।’
এত আলোচনা ও জল্পনা চললেও ম্রুণাল ঠাকুর বা যশস্বী জয়সোয়াল—কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে তাঁদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ চলচ্চিত্রে দেখা গেছে।