জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মৃতি রক্ষায় পিরোজপুরে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্য সামনে রেখে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্যসচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং স্কুল-কলেজসংলগ্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।"
নিহত নেতাকর্মীদের স্মরণ করে তিনি আরও বলেন, "দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাঁচ থেকে সাত হাজার গাছের চারা রোপণ করা হবে।"
পরিবেশ রক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, "দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগাব, সবুজ বিপ্লব গড়ে তুলব। পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"
এ কর্মসূচিতে জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিম শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।