২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী ৭.৬২ মিলিমিটার বা ‘সেভেন পয়েন্ট সিক্স টু’ বোরের গুলির ব্যবহার নিয়ে চলমান আলোচনার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, পুলিশের ব্যবহৃত ‘টাইপ ফিফটি সিক্স’ বা তথাকথিত চায়নিজ রাইফেলের বুলেটই মূলত ‘সেভেন পয়েন্ট সিক্স টু’।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট বুলেটের ব্যবহার নিয়ে কোনো তদন্ত হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট নিয়ে অনেক কথাবার্তা আমরা বলছি।...অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন। আমি অবাক হয়েছি, উনি কেন অবাক হয়েছিলেন সেটা দেখে। আপনারা দেখবেন পুলিশের হাতে যে অস্ত্র থাকে, এর মধ্যে “টাইপ ফিফটি সিক্স” একটা রাইফেল, আমরা চায়নিজ রাইফেল বলি এটাকে।...এটার বুলেটই সেভেন পয়েন্ট সিক্স টু। এটার জন্য স্নাইপার হতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে!’

পুলিশের হাতে এই ধরনের বুলেট যাওয়ার কথা ছিল না বলে মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, পুলিশের হাতে শটগান এবং স্বল্প দূরত্বের লেথাল উইপন হিসেবে পিস্তল থাকার কথা। টাইপ ফিফটি সিক্স রাইফেলের সমস্যা হলো এর দীর্ঘ রেঞ্জ। চারশ থেকে পাঁচশ মিটার পর্যন্ত এর লেথাল রেঞ্জ থাকে, ফলে লক্ষ্যভ্রষ্ট গুলি অনেক দূরের মানুষকে হত্যা করতে পারে।

অস্ত্রের উৎস ও ব্যবহার প্রসঙ্গে তিনি আরও জানান, ‘স্পেশাল পুলিশের হাতে এ ধরনের অস্ত্র থাকতে পারে। কিন্তু সাধারণ পুলিশের হাতে এ অস্ত্র থাকে না।...এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল। পরে সেনাবাহিনী পুরোপুরি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার শুরু করল, ...সেটাই সম্ভবত বিজিবির কাছে, শেষে পুলিশের কাছে আসল। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে। ওটারই বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু।’