ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক সেলিম রায়হান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। আগামী তিন বছর তিনি এই বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
অধ্যাপক সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এডজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির একজন অ্যালামনাই।
উল্লেখ্য যে, ট্রাস্টি বোর্ড হলো টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।