চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিজ বসতঘর থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিঞা (৬৫) নামের এক প্রবাসফেরত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত কালা মিঞার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান সপরিবারে দীর্ঘ প্রায় ৪০ বছর দুবাইয়ে অবস্থান করেছিলেন। প্রায় ৯ মাস আগে দ্বিতীয় ছেলের বিয়ের উদ্দেশ্যে তিনি দেশে ফিরে আসেন। পরিবারের বাকি সদস্যরা প্রবাসে থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে তাকে দেখা গিয়েছিল। তবে এরপর দুই-তিন দিন ধরে তাকে এলাকায় বা রাস্তাঘাটে দেখা না যাওয়ায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে।
সোমবার ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে দেখে স্বজন ও প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করলে আব্দুর রহমানের গলিত মরদেহ দেখতে পান। তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে চন্দনাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।
এই ঘটনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, "মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"