দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মোট শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জনে।
মৃত তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু এবং সরাসরি হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু।
প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ১৫ হাজার ৬৬০ শিশুর ক্ষেত্রে পরবর্তীতে হাম শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ এবং হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।