দেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৩৩টি শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৫টি শিশু।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৯৯ জন। এর ফলে দেশজুড়ে হামের উপসর্গজনিত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে ১০৫টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এতে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৬০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।