দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ৫১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ভর্তির তথ্যানুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ৭৬ জন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে আরও ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগীয় হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৭৫ জন করে, খুলনায় ৮৪, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ২৯ জন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৩ হাজার ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তের তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।