রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সীমানাপ্রাচীর ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম নাছিমা বেগম, যিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। অপর নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীরের পাশে টিসিবির পণ্য কেনার জন্য দীর্ঘ লাইন ছিল। বেলা দেড়টার দিকে হঠাৎ কলেজের দেয়ালটি ধসে পড়ে। এতে লাইনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন; অনেকের মুখ ও পা থেঁতলে যায়। উদ্ধারকাজ শেষে আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

ঘটনা প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক পাশের পুরোনো সীমানাপ্রাচীর হঠাৎ ধসে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা দুজন নিহত হয়েছেন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।"