রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার আগের বা পরের যেকোনো অসদাচরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা স্পষ্ট করেন যে, রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি আইনি কিছু বিষয়ের মুখোমুখি হবেন না, কারণ দায়িত্বে থাকাকালে এমন পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে তিনি বলেন, "পদে না থাকলে বা পদত্যাগ করলে তার আগের কিংবা পরবর্তী সময়ের যে কোনো অসদাচরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।"
৩২ জন জেলা প্রশাসককে অবসরে পাঠানোর প্রসঙ্গে ডা. জাহিদ জানান, সরকার কখনও বলেনি যে ‘রাতের ভোটের ডিসিদের’ অপসারণ করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, চাকরিবিধি অনুযায়ী ২৫ বছর চাকরি পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর বিধান রয়েছে এবং সেই বিধান অনুসারেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর দেশ চরম ধ্বংসের দিকে গেছে। শুধু ২০১৮ নয়, ২০০৮ সালের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। তার মতে, "২০১৮ সালের নির্বাচন নিয়ে বিচার না হলে, তা দেশের জন্য ভালো হবে না।"
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের সমন্বিত পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, মাইক্রোপ্লাস্টিক এখন ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে, যা খাবার, পানি এমনকি টুথপেস্টেও পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
জ্বালানি সংকট নিরসনে স্থলভাগে গ্যাস অনুসন্ধান উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং চতুর্থ এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক ভালো বলে উল্লেখ করেন তিনি।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, বরং পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যাবেন কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ব্রিকসের সদস্য হওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
জুলাই আন্দোলনে ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বুলেট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি জানান, পুলিশের ব্যবহৃত টাইপ-৫৬ রাইফেলের গুলিই ৭.৬২ মিলিমিটারের। তাই এটিকে স্নাইপারের গুলি বলে প্রচার করা সঠিক নয়। জুলাই-আগস্ট আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে স্নাইপার ব্যবহার নিয়ে যে প্রচারণা চালানো হয়েছে, তাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। সবশেষে তিনি জানান, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।