চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নগরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

গত সোমবার (২৭ জুলাই) বিকেলে আগ্রাবাদ মোড়ে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রাবাদ থেকে সিডিএ আবাসিক এলাকা রুটে ‘ম্যাক্সিমা’ গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে ম্যাক্সিমা চালক এবং অটোরিকশাচালকদের মধ্যে স্বার্থগত দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে ট্রাফিক পুলিশের ছত্রছায়ায় এসব গাড়ি চলছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে একদল অটোরিকশাচালক সংঘবদ্ধ হয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এই প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আমিনুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, "হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"

তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই) নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে নগরীতে পুলিশের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।