জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চাকরি ও নানা ক্ষেত্রে ইন্টারভিউ ও মেধার প্রয়োজন নেই—বিএনপির একটি পোর্টফোলিও অথবা ছাত্রদলের কোনো পদ ধরে রাখতে পারলেই যোগ্যতা হয়ে দাঁড়ায়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাকরি-বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট (পদ) হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন (যোগ্যতা)।’

বিএনপি এক শ ভাগ দলীয়করণ করছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব ছাত্রলীগ বসাইল। শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখন সব ঠিক রয়ে গেছে।’

বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে সরে এসেছে বলে দাবি করেন তিনি। বিএনপির উদ্দেশে অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্লোগানে তাঁরা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি। তিনি সরকারকে এ পথ থেকে সরে আসতে আহ্বান জানান।

এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের সমালোচনা করেন জামায়াত নেতা। তিনি বলেন, তিনি চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব। অবসরের পরে তাঁকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন আয়োজনেও অতিরিক্ত সচিবের সরাসরি ভূমিকা থাকে। তিনি দাবি করেন, বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন এবং নির্বাচন কমিশনেও একই এজেন্ডা বাস্তবায়ন করবেন। এ কারণে তিনি সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম প্রমুখ।